প্রকাশিত: Sat, Dec 9, 2023 6:00 AM
আপডেট: Fri, Jun 5, 2026 2:34 AM

[১]গার্মেন্টসকে নিজেদের স্বার্থে ব্যবহারের পাঁয়তারা চলছে দেশ-বিদেশে: ওবায়দুল কাদের [২]আমরা কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নই

ইকবাল খান: [৩] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেছেন, নিজেদের বাণিজ্যিক স্বার্থে একটি মহল শ্রমিকদের ব্যবহারের পাঁয়তারা করছে। আমাদের অর্থনৈতিক স্বার্থে গার্মেন্টসের শান্তিপূর্ণ পরিবেশ রাখতে হবে। দ্য ডেইলি স্টার

[৪] চ্যানেল২৪ জানায়, শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে আওয়ামী লীগের সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের জন্য আমরা সবার পুরোপুরি সহযোগিতা চাইছি। প্রধানমন্ত্রী নির্বাচনী আচরণবিধি মেনে ব্যক্তিগত গাড়ি নিয়ে নির্বাচনী এলাকায় গেছেন। 

[৫] আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনকে প্রভাবমুক্ত করতে ডিসি ও ওসিদের বদলি করা হচ্ছে। আচরণবিধি লঙ্ঘনের কারণে নির্বাচন কমিশন থেকে আমাদের অনেক এমপি-মন্ত্রী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন। যা বিরল।

[৬] ঢাকাপোস্ট জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র যদি নিষেধাজ্ঞা দিতে চায়, সেটা শুধু একমাত্র বিএনপি ও তার দোসরদের দিতে পারে। তারা এ নিষেধাজ্ঞা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে।

[৭] বাসস জানায়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমরা কোনো নিষেধাজ্ঞা নিয়ে উদ্বিগ্ন নই। আমরা আমাদের সংবিধান মেনে স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে একটি শান্তিপূর্ণ অবাধ সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে নিষেধাজ্ঞা আসবে কেন? নিষেধাজ্ঞা এখন কম্বোডিয়ায় দিয়েছে, এটা তাদের ব্যাপার, কেন দিয়েছে।’

[৮] জাতীয় পার্টি কি প্রধান বিরোধী দল হয়ে উঠতে পেরেছে? এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, 'এটা জাতীয় পার্টিকে জিজ্ঞাসা করুন। তারা কী ভূমিকা রাখতে চায়। আমাদের সঙ্গে বসলে আমরা তাদের নীতি আদর্শ নিয়ে কথা বলি না।'

[৯] স্বতন্ত্র প্রার্থী না থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হবে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘১৭ তারিখের আগে এ ব্যাপারে মন্তব্য না করাই ভালো।'

[১০] সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।